খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাংলা বিভাগের ১৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমান কথাকাটাকাটির একপর্যায়ে শিক্ষক সাকিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আহত শিক্ষককে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা শিক্ষককে মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং অভিযুক্ত সাবেক শিক্ষার্থী নোমানকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষক নিগ্রহের মতো ন্যক্কারজনক ঘটনা ক্যাম্পাসে আগে কখনও ঘটেনি। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।






