একাধিক মামলায় অভিযুক্ত পলাতক আসামি জসিম মিয়াকে (৩২) গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ (পিপিএম)।
পুলিশ জানান, রবিবার সন্ধ্যায় ভৈরব মেঘনা পুরাতন রেলওয়ে ব্রিজ এলাকা থেকে ধারালো ছুরিসহ পলাতক জসিমকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নুরপুর মসজিদপাড়া এলাকার ফরিদ মেম্বারের বাড়ির ভাড়াটিয়া আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ (পিপিএম) জানান, রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জসিম মিয়া বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অপরাধী। ছিনতাই, দস্যুতা, মলম পাটির সদস্য হয়ে মানুষের ক্ষতিসাধন করায় বিভিন্ন থানায় ৬টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
০






