কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ চার আওয়ামী লীগপন্থি আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। তাদের কারাগারে নেওয়ার পথে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আইনজীবীদের লক্ষ্য করে ডিম ছুড়ে মেরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
এছাড়াও পলাতক দুই আইনজীবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু।
মামলা থেকে জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইনস এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার সংগঠক মো. ইনজামুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এতে সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করা হয়। এ মামলায় কুমিল্লা আদালতের ২৬ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।
আদালতের পিপি কাইমুল হক রিংকুর ভাষ্য, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ২৬ আইনজীবীর মধ্যে ২৪ জন আদালতে হাজির হন। চারজনের জামিন নামঞ্জুর এবং পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। তিনি বলেন, ‘আমরা আদালতকে বলেছি, ছাত্র-জনতার ওপর নারকীয় হামলা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’






