গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র ও সাধারণ জনতা।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়।
ওই সময় হাসনাত আবদুল্লাহ যমুনার সামনে উপস্থিত হন। এরপর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সেখানে অবস্থান নিতে থাকেন আন্দোলনকারীরা।
কর্মসূচি শুরুর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেন হাসনাত।
তিনি বলেন, ‘যে কোনো রাজনৈতিক সমঝোতার আগে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। এজেন্ডায় যদি তা না থাকে, আমরা তাতে নেই।’
এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর গত বুধবার (৭ মে) রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এই ঘটনার পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।






