নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সরকারি গাছ পড়ে কৃষক সুমনের বসত ঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর হারিয়ে কষ্টে আছেন ক্ষুদ্রকৃষক সুমন মিয়া ও তার পরিবার। এ ঘটনা ঘটেছে ২নং দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শনিবার রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে রাস্তার পাশের রোপনকৃত সরকারি একটি গাছ পড়ে যায় কৃষক সুমন মিয়ার বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্টসহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘর মেরামতের কোন সামর্থ না থাকায় সকলের সহযোগিতা চেয়েছেন ক্ষুদ্র কৃষক সুমন মিয়া।
সুমন মিয়া বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে সরকারি গাছটি বসত ঘরের ওপর পড়ে সবকিছু নষ্ট হয়ে যায়। ছেলে-মেয়েদের নিয়ে অতি কষ্টে কোন রকমে রাতটি পার করলেও ঘর মেরামত করার কোন সামর্থ আমার নাই। আমি সকলের সহযোগিতা চাই।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজোয়ানুল কবীর বলেন, কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






