সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় বার্ষিক তিনদিন ব্যাপী ওরশ শরীফের শেষ দিনে শুরু হয় ঐতিহ্যবাহী বউ মেলা।
শনিবার (২২ মার্চ) সকাল থেকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার এলাকায় ওই বউ মেলা অনুষ্ঠিত হয়। মাজার এলাকাসহ আশেপাশের গ্রাম এলাকার শত শত বউ-শাশুড়িসহ কিশোরীরা এ মেলায় উৎসবের আমেজে কেনাকাটা করেন। স্থানীয়রা জানান, তাড়াশ, উল্লাপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই চার উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলার স্থল সরগরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে করে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকায় বউ-শাশুড়ির মিলন মেলায় পরিণত হয়।
জানা যায়, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহঃ) আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন শনিবার এই ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়। বউ মেলায় কসমেটিক্স সামগ্রি ছাড়াও কাঠের তৈরি আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, মিঠাই মিষ্টান্ন থেকে সব কিছুই পাওয়া যায়। বছরের একটি দিন বউমেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-ঝিও নাওরে আনা হয়। ফলে এলাকায় নারীদের মাঝে ঈদের মতো উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।






