জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিক্ষুব্ধ লোকজন প্রায় আড়াই ঘণ্টা মাদ্রাসাটি ঘেরাও করে রাখে এবং বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গতকাল রাত ১০টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান। শনিবার (১৫ মার্চ) সন্ধায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে নিযা অভিযোগ উঠে। বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
একজন নির্যাতিতার মা বলেন, তার দশ বছরের বাচ্চাকে দুই মাস ধরে নির্যাতন করে আসছিল কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকে মাদ্রাসার একজন শিক্ষক চার মাস ধরে বলাৎকার করে আসছে। ওই শিক্ষকের বিচার দাবি জানান তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। শিক্ষক ও ছাত্রদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






