সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজনের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী প্যান্ডেল ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগেভাগেই আয়োজক ও জুয়ারিরা পালিয়ে যাওয়ায় কেউ আটক বা হতাহত হয়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৈশাখ উপলক্ষে গ্রামের এক ফাঁকা মাঠে একদিনের মেলার আয়োজন করা হয়। দিনে দোকানপাট ও ম্যাজিক শো থাকলেও রাত নামতেই আরেকটি প্যান্ডেলে শুরু হয় অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার আসর। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় জাকির মিয়া ও গোলজার মেম্বারের নেতৃত্বে এসব অপকর্ম চলছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন হওয়ায় স্থানীয়রা বাধা দিলেও তা উপেক্ষা করা হয়।
রাতে উচ্চ শব্দে গান বাজনার কারণে ক্ষুব্ধ জনতা আশপাশের কয়েকটি গ্রাম থেকে জড়ো হয়ে প্যান্ডেল ভাঙচুর করে এবং জুয়ার সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। আয়োজকরা অন্ধকারে পালিয়ে যায়।
ঘটনার পর কাশদহ বাজারে প্রতিবাদ সভা করেন স্থানীয়রা। গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদুর রহমান মাজেদ সভায় বলেন, “এ ধরনের অপকর্ম মেনে নেওয়া হবে না। প্রয়োজনে অপরাধীদের হাত-পা ভেঙে দেওয়া হবে।” তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং পুলিশের সহযোগিতা চান।
সুন্দরগঞ্জ থানার ওসি হাকিম আজাদ জানান, আয়োজকদের পক্ষ থেকে পুলিশের কোনো অনুমতির জন্য যোগাযোগ করা হয়নি। স্থানীয়দের বিক্ষোভের পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, এবং অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।






