বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব দল নির্বাচন কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, এবং ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সংস্কার সম্পন্ন হলে নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হতে পারে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গুলশানে মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের বাসভবনে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
খসরু বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, যেসব বিষয়ে ঐক্যমত হবে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। সেটা ১৫-২০ দিনেই সম্ভব। এরপর সনদে স্বাক্ষর ও রোডম্যাপ চূড়ান্ত করা সময়ের ব্যাপার মাত্র।”
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি ও ট্যারিফ ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। খসরু বলেন, “আমরা বলেছি, ট্যারিফ সহনীয় না হলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসা পর্যন্ত অনেক সিদ্ধান্ত ঝুলে থাকবে।”
তিনি আরও বলেন, “বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছে—নির্বাচিত সরকার এলে তাদের নীতি কী হবে। বিএনপি অতীতে যেভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করেছে, ভবিষ্যতেও আমরা বড় ধরনের সংস্কারে যাব।”






