গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে জুতাপেটার ঘটনা উঠে এসেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এ।
শনিবার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনামে তারা উল্লেখ করেছে: “বাংলাদেশে গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের বিক্ষোভ, নেতানিয়াহু ও মিত্রদের ছবি পেটানো হয়েছে।”
প্রতিবেদন অনুযায়ী, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রায় এক লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। হাতে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা, মুখে ছিল “ফ্রি ফ্রি ফিলিস্তিন”সহ নানা স্লোগান। তারা গাজার ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।
টাইমস অব ইসরায়েলের ভাষ্যমতে, বিক্ষোভকারীরা নেতানিয়াহু ছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পেটায়। তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইসরায়েলের সহযোগী। অনেকেই প্রতীকী কফিন ও পুত্তলিকা নিয়ে বিক্ষোভে অংশ নেন, যা নিহত বেসামরিকদের প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদের প্রতীক।
প্রতিবেদনের শেষাংশে উল্লেখ করা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে জনসংখ্যা ১৭ কোটির বেশি। দেশটির ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।






