আগামী ১৫ মে থেকে নাটোরে সব ধরনের পরিপক্ক গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে নামাতে এবং বাজারজাত করতে পারবেন সংশিষ্ট আম চাষী ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ মে) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম চাষী এবং ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে জেলা প্রশাসক আসমা শাহীন এ তথ্য ঘোষণা করেন।
এসময় সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান, নলডাঙ্গা উপজেলার কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন, সিংডা উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদসহ সংশিষ্ট আম চাষী ও বাগান মালিকরা এবং সকল উপজেলা কৃষি অফিসারা।
নাটোরে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, আগামী ১৫মে থেকে সব ধরনের গুটি জাতের আম পাড়া ও বাজারজাত শুরু হবে। এরপর থেকে আগামী ২৫ মে গোপালভোগ আম, ৩০ মে রাণী পছন্দ, খিরসাপাত, লক্ষণভোগ ২ জুন, ১২ জুন ন্যাংড়া, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি, হাড়িভাঙ্গা ও মোহনভোগ, ৪ জুলাই মল্লিকা, ১০ জুলাই বারি-৪, ২০ জুলাই আশ্বিনা এবং গৌরমতি আম আগামী ১০ আগস্ট গাছ থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে আগামী ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু ২৫ মে গাছ থেকে সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়।
আরও জানানো হয়, এই সময়ের আগে যদি কোনো জাতের আম পরিপক্ক হয় তাহলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক গাছ থেকে আম ও লিচু সংগ্রহ করতে পারবেন বলে সভায় জানানো হয়।
০






