বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখের অন্যতম প্রধান আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে এবার থেকে রাখা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। আনুষ্ঠানিকভাবে নতুন নাম ঘোষণা করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজাহারুল ইসলাম শেখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
লিখিত বক্তব্যে অধ্যাপক আজাহারুল ইসলাম জানান, এবারের নববর্ষের আয়োজনটি হবে ভিন্নধর্মী। তিনি বলেন, “বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তিকে গুরুত্ব দিয়ে এবার আমরা এমন একটি বার্তা দিতে চাই, যা অন্ধকারকে পেছনে ফেলে আলো ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।”
তিনি আরও জানান, ১৯৮৯ সালে চারুকলা প্রথমবারের মতো শোভাযাত্রার আয়োজন করে, যার নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শোভাযাত্রার নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।
চারুকলার অধ্যাপক এম কাউসার হাসান জানান, এবারের শোভাযাত্রায় প্রদর্শিত হবে বিভিন্ন প্রতিকৃতি, যার মধ্যে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, ইলিশ মাছ, বাঘসহ নানা সাংস্কৃতিক উপাদান।
এবার পহেলা বৈশাখ উদযাপন হবে দু’দিনব্যাপী। বর্ষবরণের মূল শ্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। পাশাপাশি চৈত্র সংক্রান্তির আয়োজনও নববর্ষের উৎসবের অংশ হিসেবে থাকবে।






