চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ‘জুলাই আন্দোলন’ ঘিরে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার এ আদেশ দেন। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. বিল্লাল ভূইয়া তাকে জামিন না দিয়ে কারাগারে রাখার আবেদন জানান। আসামিপক্ষ জামিন চাইলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আগামী ২২ মে তার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, গতকাল রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকায় অনুষ্ঠিত জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। অভিযোগে বলা হয়, সে সময় অভিযুক্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে তিনি চলতি বছরের ৩ মে মামলা করেন।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়া ওই তালিকায় ২০৭ নম্বর আসামি হিসেবে রয়েছেন। অভিযোগে তাকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয়েছে।






