আজ ১৯ এপ্রিল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্মদিন। তবে এবারের দিনটি তাঁর জন্য একটু বেশিই বিশেষ। কারণ, বিয়ের পর এই প্রথমবার নিজের জন্মদিন উদযাপন করছেন তিনি।
সম্প্রতি নির্মাতা আদনান আল রাজীবকে ভালোবেসে বিয়ে করেছেন মেহজাবীন। নতুন জীবনের শুরুটা বেশ সুখের, জানিয়েছেন তিনি নিজেই। তাই এবার জন্মদিনের আবহেও থাকছে সংসারিক উষ্ণতা।
মেহজাবীন বলেন, “বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। তাই জন্মদিনটা সেখানেই কাটছে। তবে পরিবারের সবার সঙ্গেও সময় কাটানোর ইচ্ছা আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন—আল্লাহ যেন আমাদের সুস্থ ও সুখী রাখেন।”
তবে ঘটা করে কোনো আয়োজনের খবর দেননি তিনি। ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, দোয়া ও আশীর্বাদই তাঁর চাওয়া।
চট্টগ্রামে মেহজাবীনের পৈত্রিক নিবাস হলেও জন্ম ও শৈশব কেটেছে দুবাইয়ে। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন।
এক যুগের বেশি সময় ধরে অভিনয়ে যুক্ত মেহজাবীন ২০২৪ সালে প্রথমবার বড় পর্দায় হাজির হন শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ ছবিতে। ব্যবসায়িক সফলতা না এলেও, অভিনয়ে তিনি প্রশংসিত হন।
গেল ঈদে ইউটিউবে মুক্তি পাওয়া ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে জোভানের সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। নাটকটি ১৫ দিনেই ৪৪ লাখের বেশি বার দেখা হয়েছে।
ভক্তদের জন্য আরও সুখবর দিয়ে মেহজাবীন জানান, আগামী সপ্তাহে তিনি একটি বড় প্রজেক্টের ঘোষণা দিতে যাচ্ছেন।






