সাভারের আশুলিয়ায় ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা বিস্ফোরণের ঘটনায় রিতা জোয়ার্দার (৩৭) নামের এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার নয়াপাড়া হাকিম মার্কেট এলাকার একটি আঞ্চলিক সড়কে এ ঘটনায় ঘটে।
নিহত রিতা জোয়ার্দার (৩৭) কুষ্টিয়া জেলার খোকসা থানার হিজলাবর এলাকার আমিরুল ইসলামের মেয়ে। বর্তমানে আশুলিয়ার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থেকে হলিউড গার্মেন্টসে পোশাক কারখানায় চাকরি করতেন বলে প্রাথমিক ভাবে জানা যায়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে রিতা ওষুধ কেনার জন্য বাসার নিকটবর্তী একটি ফার্মেসীতে যায়। এ সময় পাশের সড়ক দিয়ে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক যাচ্ছিল। পরে ওই চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিতা আক্তার গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লাহ আকন্দ বলেন, হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। ট্রাকটি আটক রয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






