পাকিন্তান আমলে পার্বত্য চট্টগ্রামের ট্রাইবেল এরিয়া কেড়ে নেওয়া হয়েছিলো বলে মন্তব্য করেছেন, চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার দেবাশিষ রায়।
বুধবার (০৯এপ্রিল) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে বিজু, সাংগ্রাই,বৈসু,বিষু,বিহু উদযাপন কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাকমা সার্কেল চীফ বলেন, আমাদের এ অঞ্চলে যদি স্বশাসন প্রতিষ্ঠত হয়, সংবিধানে স্বীকৃত পায়, তাহলে এই স্বীকৃতি, অধিকার, মান-মর্যাদা কি আমরা দেশের বাহিরে নিয়ে যাবো? আমরা বার্মা নিয়ে যাবো নাকি ভারতে নিয়ে যাবো। বাংলাদেশেই তো থাকবো। এখানেই তো অধিকার চাচ্ছি।
ব্যারিস্টার দেবাশিষ আরও বলেন, দেশে যে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে তার মধ্যে আমি অন্তত ৩ টি কমিশনের সাথে সংলাপ করেছি। কমিশনকে লিখিত ও মৌখিকভাবে বলেছি কিন্তু দু:খের বিষয় অধিকাংশ প্রতিবেদনের আমাদের স্বকীয়তার কথা বাংলাদেশের বহুত্তবাদের কথা প্রতিফলিত হবে বলে আশা করেছিলাম কিন্তু আমাদেরকে নিরাশ করেছে। সুতরাং এ ন্যায্য অধিকারের অস্বীকৃতি আজ পর্যন্ত খুবই দু:খজনক। তথাপি হাল ছেড়ে দিতে পারিনা আশাও ছাড়তে পারিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলে অনেক রক্ত ঝরেছে, আর নয়। আমাদের সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আদিবাসীরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশে সমধিকার ও সম মর্যাদা নিয়ে এদের বেঁচে থাকার অধিকার রয়েছে।
ওইদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। বিজু, সাংগ্রাই ,বৈসু,বিষু,বিহু উদযাপন কমিটির আহবায়ক প্রকৃত রঞ্জন চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যরা বক্তব্য রাখেন।






