সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের মাংসসহ৫ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার বিকাল ৪টায় খুলনা দাকোপ এলাকা থেকে হরিণ শিকারী মো: ইমরান গাজী, আবদুর রহিম, রোকন উজ জামান, আবু মুসা এবং মোঃ মামুনকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদসহ ৫ হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের নিকট হস্তন্তর করা হয়েছে।






