বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়) এবং মাহফুজ আলম (তথ্য)—এর পদত্যাগ দাবি করেছেন। বুধবার (২১ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে ইশরাক লেখেন, “গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে যৌক্তিক কারণেই আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে বর্তমান সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। যেহেতু আপনারা সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, এমনকি ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন, সেক্ষেত্রে পদত্যাগই হবে দায়িত্বশীল সিদ্ধান্ত।”
তিনি আরও লেখেন, “নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেটাই অনুসরণ করুন। তিনি চাইলে মন্ত্রিত্ব চালিয়ে যেতে পারতেন, কিন্তু রাজনৈতিকভাবে দলকে গুরুত্ব দিয়ে পদ ছাড়েন। অতীতে সারজিস আলম বা হাসনাত আব্দুল্লাহরাও এমন সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গ দায়িত্ব ও সম্মান আবার ফিরে পাবেন।”
ইশরাক মনে করেন, উপদেষ্টাদের পদত্যাগ বর্তমান সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি আরও শক্তিশালী করবে। পাশাপাশি, সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে জনগণের সঙ্গে কাজ করার মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, “ক্ষমতায় থেকে যদি নিজের দলের লোকজনকে বিশেষ সুবিধা দেন, তাহলে সেটা থেকে বিরত থাকা বা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ থাকে না। অতীতেও কেউ তা পারেনি। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।”
নিজের ভূমিকা প্রসঙ্গে ইশরাক লেখেন, “অনেকে বলতেই পারেন আমি নিজে ক্ষমতার লোভে আন্দোলন করেছি, কিন্তু আমি প্রতিকূলতার মধ্যেও জনগণকে বোঝানোর চেষ্টা করেছি কারা ভুল পথে পরিচালিত হচ্ছে। আমার বিরুদ্ধেও অনেক কিছু হয়েছে, কিন্তু সবই রাজনৈতিক সিদ্ধান্ত ছিল।”
পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, “আপনারা কেন এই ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাচ্ছেন? বন্দোবস্ত তো আগেরটাই চলছে, শুধু আরও শক্তভাবে প্রয়োগ করা হচ্ছে। পদত্যাগের দাবিতে পিছু হটার সুযোগ নেই।”






