ঝিনাইদহে চাঞ্চল্যকর রবিউল ইসলাম ওরফে রবে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দ্বিতীয় এর বিচারক উৎপল কুমার ভট্টাচার্য্য এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো বিষয়খালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাজেদুল ইসলাম ওরফে মাজু, আশরাফের ছেলে রসুল, মৃত আফজাল হোসেনের ছেলে আজিজুল এবং মৃত শামসুদ্দিনের ছেলে গোলাম রসুল। রায় ঘোষণার সময় সব আসামি এজলাসে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, একটি শালিসের জেরে ২০০৬ সালের ১০ জানুয়ারি ও রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামি আজিজুলসহ অন্যান্যরা। সেদিন থেকেই সে নিখোঁজ ছিলো। ২০০৬ সালের ৪ এপ্রিল বিষয়খালীর পার্শ্ববর্তী হুমোদার বিলে খালের দক্ষিণ পাড় থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় উদ্ধার করা হয় রবিউল ইসলাম ওরফে রবের মরদেহ। তার ভাই আনোয়ার হোসেন তার মরদেহ শনাক্ত করেন। ওই দিন ১৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আনোয়ার হোসেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বিকালে রায় ঘোষণা করা হয়।






