যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা (Temporary Protected Status – TPS) বাতিল করে দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ফলে প্রায় ১৪ হাজার ৬০০ আফগান নাগরিককে এখন নিজ দেশে ফিরে যেতে হতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি ও বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া সাম্প্রতিক এক সিদ্ধান্তে সোমবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই বাতিলের ঘোষণা আসে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলগ্লিন জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) যে রিপোর্ট জমা দেয়, তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিপিএস কার্যক্রমের আওতায় যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মারাত্মক অস্থিরতার কারণে যেসব দেশের নাগরিকরা নিজ দেশে ফিরে যেতে পারেন না, তাদের নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেওয়া হয়। সাধারণত এই সময়সীমা ১৮ মাস হলেও, হোমল্যান্ড কর্তৃপক্ষ চাইলে তা নবায়ন করতে পারে।
তবে এখন হোমল্যান্ড সিকিউরিটি মনে করছে, আফগানিস্তানে এমন কোনো পরিস্থিতি নেই যা টিপিএস প্রাপ্যতার জন্য যথেষ্ট কারণ হতে পারে। উল্লেখ্য, তালেবানরা গত চার বছর ধরে দেশটির শাসনক্ষমতায় রয়েছে।
ট্রিসিয়া ম্যাকলগ্লিন বলেন, “আমরা বিশ্বাস করি, বর্তমানে আফগান নাগরিকদের জন্য টিপিএস সুবিধা বজায় রাখার মতো পরিস্থিতি আফগানিস্তানে বিরাজ করছে না।”
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত আফগান নাগরিকদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে যারা তালেবান শাসনের ভয়ে স্বদেশে ফিরে যেতে অনিচ্ছুক।






