জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আলামিন চৌধুরীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ৪ এপ্রিল সন্ধ্যার অক্কেলপুর শহরের পুরাতন থানার পেছনের টিএমএসএস কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আলামিন চৌধুরীর ডান পায়ের হাঁটুর নিচের রগ ও মাংসপেশি কেটে গেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানাতে পারেননি স্বজনেরা।
আলামিন চৌধুরী আক্কেলপুর পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাশিয়ায় ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আলামিন চৌধুরীকে সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশি ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শুত্রুবার সন্ধ্যায় আলামিন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কারা কী কারণে ঘটাল, তা এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম তদন্ত চালিয়ে যাচ্ছে ৷






