পাকিস্তান সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ভারতীয় সেনাবাহিনীর পাঠানো ১২টি ড্রোন ভূপাতিত করেছে। ৮ মে (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, ৭ ও ৮ মে ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবেশের চেষ্টা করে। তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক প্রতিরোধে সব ড্রোন ধ্বংস করা সম্ভব হয়।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং আটক এলাকায় গুলি করে নামানো হয়।
মুখপাত্র আরও জানান, একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে, যাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় চারজন সেনা সদস্য আহত হন এবং সিন্ধুর মিয়ানো এলাকায় এক বেসামরিক নাগরিক প্রাণ হারান।
তিনি এসব ড্রোন হামলাকে পাকিস্তানের আকাশসীমায় আগ্রাসনের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন এবং বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।
আহমেদ শরীফ চৌধুরী আরও দাবি করেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার ফলে লাইন অব কন্ট্রোলে ভারতের পক্ষ বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ভারত যেভাবে ধারাবাহিকভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও হুমকি হয়ে উঠছে।
শেষে তিনি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যত পরিস্থিতি সম্পর্কে সময়মতো জানানো হবে।






