চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ ‘গ্রিন চ্যানেল’ সুবিধাসহ সহজতর ভিসা প্রক্রিয়া চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় চিকিৎসা ভিসার আবেদনকারীদের জন্য নথিপত্র জমাদানের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে, ফলে দ্রুত ভিসা প্রদান সম্ভব হবে। স্থানীয় অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো এখন ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। এর ফলে আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার পর তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই আবেদন জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার প্রয়োজনে একই দিনে ভিসা ইস্যুর জন্য ‘গ্রিন চ্যানেল’ সুবিধা রাখা হয়েছে।
যেসব আবেদনকারীর সাক্ষাৎকারের জন্য পূর্বনির্ধারিত সময় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে দূতাবাসে হাজির হতে না পারা রোগীদের জন্য ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন সাক্ষাৎকারের ব্যবস্থা রাখা হয়েছে।
ভিসা সংক্রান্ত যেকোনো অনুসন্ধানের জন্য চীনা দূতাবাস (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯), ভিসা আবেদন কেন্দ্র (০২২২৬৬০৩২৬১), এবং হোয়াটসঅ্যাপ হেল্পলাইন (০১৮৮৫০৪১৩৬৪)-এ যোগাযোগ করা যাবে। সরাসরি আবেদন করতে হলে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় (৬ নম্বর ভবন) যাওয়া যাবে।






