ঢালিউডের আলোচিত মুখ জায়েদ খান অভিনয়ে যতটা না, ব্যক্তিগত জীবন নিয়ে ততটাই আলোচনায় থাকেন। কখনও জামা খুলে উল্লাস, কখনও ভিন্ন ভঙ্গির ডিগবাজি—সবকিছুই যেন তাকে ঘিরে রটনার খোরাক জোগায়। সর্বশেষ গুঞ্জন—জায়েদ খান নাকি যুক্তরাষ্ট্রে বিয়ে করে সংসার পেতেছেন!
তবে এসব কথাকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই। নিউ ইয়র্ক থেকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মানুষকে কিছু না কিছু নিয়ে মজা পেতেই হয়। তাই এসব কথা ছড়ায়। আমি এখানে নতুন কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত। নিজেকেও সময় দিচ্ছি। বিয়ে করিনি। আর কবে করবো, তাও ঠিক করিনি।”
তিনি আরও জানান, নিউ ইয়র্ক এখন তার স্থায়ী ঠিকানা। তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না। কে বা কারা এসব গুজব ছড়ায়, তা বুঝতেও পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, জায়েদ খান হানিমুন করছেন। এমনকি তার স্ত্রীকে একজন প্রবাসী মিডিয়া-কর্মী বলেও দাবি করা হচ্ছে। যদিও এসব দাবির পক্ষে কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
এর আগেও কক্সবাজারে একটি বিজ্ঞাপন শুটিংয়ের সময় একই ধরনের গুঞ্জন উঠেছিল। সেবারও দাবি ছিল, তিনি স্ত্রীকে নিয়ে হানিমুনে গেছেন। পরে তা গুজব বলেই প্রমাণিত হয়।
উল্লেখ্য, জায়েদ খানকে সর্বশেষ দেখা গেছে ‘সোনার চর’ চলচ্চিত্রে।






