নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি ছিল উত্তপ্ত ও নাটকীয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর মডেল থানার একটি টিম আইভীর বাড়িতে প্রবেশ করলে, খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় আওয়ামী লীগ কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ চারপাশ থেকে ছুটে আসেন। তারা চারটি সড়কে বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ গড়ে তোলেন এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সমবেত হওয়ার ডাক দেন।
আইভী তখন ভেতর থেকে বলেন, “পুলিশকে বলো আমি দিনে ছাড়া যাব না। দিনের বেলা এলে যাব।”
রাতভর পুলিশের সঙ্গে সমর্থকদের উত্তেজনাকর বাকবিতণ্ডা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও তারা বাড়ির খুব কাছাকাছি পৌঁছাতে পারেননি।
শেষ পর্যন্ত ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি বাড়িতে প্রবেশ করে আলোচনা শেষে আইভীকে গ্রেফতার করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, “আইভীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।”






