চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মহিলা সমিতি মঞ্চে নাটক ‘শেষের কবিতা’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলো খ্যাতনামা নাট্যদল প্রাঙ্গণেমোর। নতুন আঙ্গিকে উপস্থাপিত এই নাটক নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হলেও, এবারও বাধা হয়ে দাঁড়িয়েছে ‘তৌহিদী জনতা’।
১৩ এপ্রিল সকালে দলের অন্যতম সদস্য ও নির্দেশক নূনা আফরোজ এক ফেসবুক পোস্টে জানান, মহিলা সমিতি কর্তৃপক্ষ তাদের অবহিত করেছে যে ‘তৌহিদী জনতা’ মঞ্চে নাটক প্রদর্শনী না করার জন্য একটি চিঠি দিয়েছে। নাটকের জন্য সব প্রস্তুতি, প্রচার ও ভাড়াসহ যাবতীয় খরচ শেষ হলেও, প্রশাসনের নির্লিপ্ত অবস্থানের কারণে তারা অনিশ্চয়তায় পড়েছেন।
নূনা আফরোজ তার পোস্টে লেখেন, “আমরা মহিলা সমিতিকে বলেছি প্রশাসনের সাহায্য নিতে। যদি প্রশাসন অপারগতা প্রকাশ করে, তাহলে আমরা না হয় নাটক প্রদর্শন করবো না। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসন কি সহযোগিতা করবে? সংস্কৃতি অঙ্গনের মানুষজন এবং সচেতন নাগরিকদের এখন কথা বলা দরকার।”
এই ঘটনার প্রতিবাদে প্রাঙ্গণেমোর নাট্যদল ১৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে মহিলা সমিতি মঞ্চের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা অনন্ত হীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগেও অন্তবর্তীকালীন সরকারের সময় ‘তৌহিদী জনতা’র প্রতিবাদের মুখে বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ হওয়া থেকে বিরত রাখা হয়েছিল।






