আজাদ কাশ্মিরে হামলার একদিন না পেরোতেই আবারও পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এবার ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা অঞ্চল।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৪৭ মিনিটে ভারতের পাঠানো একটি ড্রোন গুজরানওয়ালার গুজরাট জেলার ডিঙ্গা এলাকায় গিয়ে পড়ে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। একটি রেস্তোরাঁয় বসে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ একটি তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পান।
ঘটনার পরপরই পাকিস্তানের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজরানওয়ালার আকাশে একটি ড্রোনের গতিপথ এবং প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া মিসাইলের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ড্রোনটিকে আকাশেই ভূপাতিত করে পাকিস্তান।
যদিও ড্রোনটি কোথা থেকে এসেছে, তা এখনও নিশ্চিত করেনি পাকিস্তান সরকার। এ নিয়ে এখনো সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি। জিও নিউজ ছাড়া বড় কোনো সংবাদমাধ্যমে খবরটি প্রচার হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।






