বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা দুঃশাসনে লিপ্ত ছিল তাদের ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই আওয়ামীলীগ নিষিদ্ধ হয়ে যাবে। প্রয়োজন ছিলো ৩ মাসের মধ্যেই এসকল বিচার করার। যদি বিচার গুলো হতো, তাহলে আওয়ামীলীগকে নিষিদ্ধ করার কথাটা বারবার আসতো না। শুক্রবার (২১ মার্চ) সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মান্দারি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ৭ মাস চলে গেছে এখন পর্যন্ত হাসিনা ও তার পরিবারের বিচার কার্যক্রম শুরু হয়নি। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি তাদের জন্য খুবই দুঃখজনক ও কষ্টের বলে মন্তব্য করেন এ্যানি। এ ইফতার মাহফিলের বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজকোর্ট এর পিপি আহম্মদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।






