রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
১৫ এপ্রিল, মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন।
একটি মামলায় ১২ জন এবং অপর মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
পরোয়ানাভুক্ত বাকি আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তারা।
দুদকের তদন্ত অনুযায়ী, পূর্বাচল আবাসন প্রকল্পের ৬টি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার প্রমাণ মিলেছে। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজের ও পরিবারের সদস্যদের অনুপযুক্ত হওয়া সত্ত্বেও বেআইনিভাবে প্লট বরাদ্দ দেন।
এই ঘটনায় মোট ৮টি পৃথক অভিযোগপত্র দাখিল করেছে দুদক।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






