ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়াক্ফ আইন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশের প্রতিক্রিয়াকে ‘অযৌক্তিক’ ও ‘ছলনাপূর্ণ’ বলে মন্তব্য করেছে ভারত। শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রতিক্রিয়া জানান।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের দৃষ্টিতে এই মন্তব্য অপ্রাসঙ্গিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা হয়েছে, তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। নিজেদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যে ব্যর্থতা রয়েছে, সেই বাস্তবতা আড়াল করতে এ ধরনের মন্তব্য করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয়, যেখানে অপরাধীরা এখনও আইনের আওতার বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাই অন্য দেশকে সদুপদেশ দেওয়ার আগে বাংলাদেশ নিজেদের ঘরে নজর দিক।”






