দেশে আবারও বিভাজনের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ফখরুল লিখেছেন, “আমরা লক্ষ্য করছি—দেশে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। সমাজকে গোত্রে গোত্রে ভাগ করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের বিপরীতে দাঁড় করানোর ষড়যন্ত্রও স্পষ্ট হয়ে উঠেছে।”
তিনি বলেন, “কিছু ব্যক্তি সরকারের ভেতরে ঢুকে বাংলাদেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। তারা দেশকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়।”
বিএনপির দায়িত্বের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর সবসময় বড় দায়িত্ব থাকে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে হবে আমাদের। সেই দায়িত্ব এখন বহন করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেন কেউ হরণ করতে না পারে—এটা নিশ্চিত করতে হবে।”
জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ করার যাত্রা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। দুর্ভাগ্য যে, আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারিনি। এখন তার দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।”
শেষে তিনি উল্লেখ করেন, “৬০ লাখের বেশি বিএনপি কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজার হাজার হত্যাকাণ্ড, দেড় হাজারের বেশি গুমের ঘটনার পরও বিএনপি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে এখন সুযোগ এসেছে—একটি নতুন বাংলাদেশ নির্মাণের।”






