রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থার একটি উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার অন্য দুই আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।
এজাহারে বলা হয়েছে, আসামিরা একে-অপরের সঙ্গে যোগসাজশ করে অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি, বর্তমান ঠিকানা: ১১৩ ও ১১বি, রোড নং ৭১) দখলে নিয়ে পরে তা রেজিস্ট্রি করে নিজেদের নামে খতিয়ানভুক্ত করেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগ তদন্তে দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মো. মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।






