ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতায় কার্যক্রম চালাচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে এবং আন্তর্জাতিক আইনের আওতায় ইন্টারপোল তাদের নিজস্ব বিধি অনুযায়ী প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ইন্টারপোল আমার কথায় চলবে না। তাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া ও আইন রয়েছে, সেগুলোর ভিত্তিতেই তারা পদক্ষেপ নেবে।”
এসময় চলমান ব্লকেড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আন্দোলন-দাবি অযৌক্তিক বলছি না। তবে সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সেটাও দেখতে হবে। আন্দোলন যেন জনভোগান্তি সৃষ্টি না করে, সে বিষয়ে আপনারাও (সাংবাদিকরা) সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারেন।”
তিনি জানান, শুরুতে আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল, এখন তা স্থান পরিবর্তন করে অন্যত্র চলছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন চলাচল অব্যাহত রয়েছে।






