রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেফতারকৃত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২০ মে) বিশেষ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এর বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন।
গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ এবং পরে গ্রেফতার দেখানো হয়। ১৯ মে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তখন ২২ মে জামিন শুনানির তারিখ নির্ধারিত থাকলেও আজ বিশেষ শুনানির মাধ্যমে জামিন মিলেছে।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই ভাটারা এলাকায় ‘জুলাই আন্দোলন’ চলাকালে এনামুল হক নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে উঠলে ৩ মে ২০২৫ মামলাটি দায়ের করেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নুসরাত ফারিয়াসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়।
নুসরাত ফারিয়া এই মামলায় ২০৭ নম্বর আসামি। অভিযোগপত্রে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।






