যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিক ও মানসিকভাবে “চমৎকার অবস্থায়” রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রধান চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তিনি মানসিক সক্ষমতা যাচাই পরীক্ষায় পূর্ণ নম্বর অর্জন করেছেন।
বারবাবেলা জানান, ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বাৎসরিক স্বাস্থ্যপরীক্ষায় হৃদপিণ্ড, ফুসফুস, স্নায়ুতন্ত্রসহ সব অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে। তিনি বলেন, “ট্রাম্পের স্বাস্থ্য খুবই ভালো। তার হৃদরোগ, স্নায়ু ও ফুসফুসের কার্যকারিতা শক্তিশালী।”
৭৮ বছর বয়সী ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব গ্রহণের সময় সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।
স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্প মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট (MoCA) নামে মানসিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিয়ে ৩০-এর মধ্যে ৩০ স্কোর করেন। পরীক্ষায় স্মরণশক্তি, মনোযোগ, ভাষা ও যুক্তি বিশ্লেষণের দক্ষতা যাচাই করা হয়।
চিকিৎসক জানান, কিছু সূর্যরশ্মিজনিত ত্বকের ক্ষতি ও পুরনো কিছু সমস্যার উল্লেখ রয়েছে, তবে সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং উদ্বেগের কিছু নয়।
২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে গুলির শিকার হন ট্রাম্প। সেই ঘটনায় তার ডান কানে এখনও ক্ষতচিহ্ন রয়েছে, তবে সেটি তার স্বাস্থ্যে প্রভাব ফেলেনি।
চিকিৎসা প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ট্রাম্পের ওজন ১০১ কেজি (২২৪ পাউন্ড), উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি। বিএমআই অনুসারে তিনি ‘ওভারওয়েট’ ক্যাটাগরিতে থাকলেও ‘অবস’ নন। তার ওজন ২০১৯ সালের তুলনায় কিছুটা কমেছে।
ডোনাল্ড ট্রাম্প নিয়মিত কোলেস্টেরল ও ত্বকের চিকিৎসার ওষুধ গ্রহণ করেন এবং শারীরিকভাবে বেশ সক্রিয়, বিশেষ করে গলফ খেলায় তিনি নিয়মিত অংশ নেন।






