চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলের স্লোগান— ‘গড়বো মোরা ইনসাফের দেশ’।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠান শেষ হয় দুপুর ১২টায়।
দলটির নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইলিয়াস কাঞ্চন, মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ এবং মুখপাত্র হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
এই দলে রাজনীতিবিদ ছাড়াও সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং সাবেক সরকারি কর্মকর্তারা রয়েছেন। ইলিয়াস কাঞ্চন ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলন করে আসছিলেন। এর আগে বিভিন্ন সময় তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলেন।
সম্প্রতি তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একুশে পদকসহ একাধিক রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
দলের মহাসচিব শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে ২০২৩ সালের ২১ মার্চ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।
এর আগে, ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন এবং ফাতিমা তাসনিমের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছিল।






