যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ঘটেছে এক অভাবনীয় ঘটনা—একইসঙ্গে ১৪ জন নার্স অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের সন্তান প্রসবের সম্ভাব্য সময়ও কাছাকাছি! এই বিরল ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।
সেন্ট ভিনসেন্ট হাসপাতাল শিশু চিকিৎসায় বিশেষ খ্যাতি অর্জন করেছে। প্রতিদিন এখানে বহু নারী সন্তান প্রসব করতে আসেন, আর সেসব নবজাতকের যত্ন নেন অভিজ্ঞ নার্সরা। এবার সেই সেবিকা দলেরই ১৪ জন একযোগে মা হতে চলেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “এটি শুধু একটি ব্যতিক্রমী ঘটনা নয়, আমাদের জন্য একটি আনন্দঘন সময়। যারা প্রথমবার মা হচ্ছেন, তাদের পাশে থেকে অভিজ্ঞরা সমর্থন দিচ্ছেন। নার্সদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সহানুভূতি এই সময়টিকে আরও সুন্দর করে তুলছে।”
হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এ যেন জীবনের এক পূর্ণচক্র। একসঙ্গে এত নার্সের মা হওয়া সত্যিই অনন্য অভিজ্ঞতা।”
এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে। অনেকেই একে ‘অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করছেন। তবে অনেকে আবার বলছেন, এটি নার্সদের কর্মস্থলে পারস্পরিক বন্ধুত্ব ও সমন্বয়ের একটি চমৎকার দৃষ্টান্ত।






