নির্বাচনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান।
এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চূড়ান্ত করতে তারা আলোচনায় বসছেন।
তিনি বলেন, “নির্বাচনসহ নানা বিষয়ে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। আলোচনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বিএনপির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।






