আর মাত্র একদিন পর মাঠে গড়াতে যাচ্ছে তারকাদের ক্রিকেট আয়োজন ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’। দুই বছর পর এই আয়োজন নিয়ে আবারও ব্যাট-বল হাতে প্রস্তুত হচ্ছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা। অংশগ্রহণ করছেন অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা থেকে শুরু করে ইনফ্লুয়েনসাররাও। সেই তালিকায় আছেন মডেল ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর বিজয়ী শাম্মি ইসলাম নীলা।
প্র্যাকটিস সেশনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নীলা জানালেন, তিনি অভিনয়ে আসলেও ফ্যাশন ইনফ্লুয়েন্সিং ছেড়ে দেবেন না। তার ভাষায়, “নায়িকা হলেও আড্ডা দিতে দিতে কাপড়ের লাইভ করব। এটা আমার ভালোবাসার জায়গা, আর্থিক আয়ের অন্যতম প্রধান উৎস। একে কখনোই অবহেলা করতে পারি না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নীলা। ধীরে ধীরে লাইভে পোশাক বিক্রি এবং ফ্যাশন ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে গড়ে তোলেন নিজের পরিচিতি। তার জনপ্রিয়তা তাঁকে পৌঁছে দেয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চে, যেখানে তিনি ২০২৩ সালে বিজয়ী হন।
নীলা বলেন, “‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়েছিলাম নিজের ক্যাপাবিলিটি প্রমাণ করার জন্য। আমি মনে করি, আমি যা ডিজার্ভ করি, সেখানে ইনশাআল্লাহ আমাকে দেখা যাবে।”
নিজের চেহারার বিষয়ে হাস্যরসের ছলে নীলা বলেন, “অনেকে বলেন আমি জাপানি বা চাইনিজের মতো দেখি, কিন্তু আমি বাঙালি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, তাই অবশ্যই বাঙালির মতোই দেখতে হবে—না হলে দেশ আমাকে পাঠাতো না।”
৫ মে থেকে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’। সেলিব্রিটিদের এই ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরীসহ আরও অনেকে। তাদের সঙ্গেই মাঠে দেখা যাবে শাম্মি ইসলাম নীলাকেও।






