ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীবাহী ফ্লাইটের জন্য এসব বিমানবন্দর ১০ মে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের একটি “নোটিশ টু এয়ারম্যান” (NOTAM)-এ এই নির্দেশনা জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু।
বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে— জম্মু, শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), লেহ, অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা (পাঞ্জাব), শিমলা ও ধরমশালা (হিমাচল প্রদেশ), যোধপুর, বিকানের, জয়সলমের, কিশনগড় (রাজস্থান) এবং ভূজ, জামনগর, রাজকোট, মুন্দ্রা, পোরবন্দর, কান্ডলা ও কেশোদ (গুজরাট)। এছাড়া গোয়ালিয়র ও হিন্দন বিমানবন্দরেও ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে ভারতের অভ্যন্তরীণ রুটে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো। ইন্ডিগো জানিয়েছে, তারা অন্তত ১১টি বিমানবন্দরে ১৬৫টির বেশি ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একাধিক রুটে ফ্লাইট বন্ধ রেখেছে। স্পাইসজেট এবং আকাসা এয়ারও বিভিন্ন রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই বেসামরিক বিমান চলাচলে এই বড় ধরনের সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত সরকার।






