ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী—যিনি শুধু অভিনয়শৈলীতেই নন, সৌন্দর্যেও জয় করেছেন ভক্তদের হৃদয়—আজ অনেকটাই দূরে অভিনয়জগৎ থেকে। তার অনুরাগীরা আজও অপেক্ষায়, প্রিয় নায়িকাকে আবার পর্দায় দেখবেন কবে।
কিন্তু তাদের জন্য এসেছে হতাশার খবর। মৌসুমী এবার স্থায়ীভাবে বিদায় নিতে চাইছেন রূপালি পর্দা থেকে। খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী।
গত প্রায় দুই বছর ধরে মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, মায়ের কাছে। সঙ্গে আছেন মেয়ে ফাইজা। ওমর সানীর ভাষ্য অনুযায়ী, মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনা—এই দুই বিষয়েই এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন মৌসুমী।
তিনি বলেন, “মৌসুমী এখনই ফিরছেন না। পরিবারই এখন তার অগ্রাধিকার। এমনকি সে বলেছে, সে নিজেকেই ভুলে যেতে চায়—সে যে ‘মৌসুমী’ ছিল!”
এই বক্তব্যে গভীর দুঃখ প্রকাশ করেছেন সানী। তিনি আক্ষেপ করে বলেন, “একজন জীবন্ত কিংবদন্তিকে নিয়ে ভালো কোনো কাজের পরিকল্পনা নেই কারও। মৌসুমীর মতো একজন শিল্পীকে ঘিরে তো অনেক কিছু করার কথা।”
নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও হতাশা প্রকাশ করেন ওমর সানী। তার মতে, “অনেকেই এখন নিজেকে মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবেন। সৌজন্যবোধের অভাব রয়েছে অনেকের মধ্যে।”
উল্লেখ্য, ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। প্রয়াত সালমান শাহর বিপরীতে এই ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তারপর দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট ছবি, অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।
আজ যখন তিনি নিজেকে ভুলে যেতে চান, তখন তা কেবল তার ভক্তদের জন্য নয়, বাংলা চলচ্চিত্রের জন্যও এক গভীর বেদনার বার্তা।






