নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডের জনগণের আসা যাওয়ার একমাত্র সড়কটি দখল হওয়ার পর দীর্ঘ প্রায় ৬ বছর পর পুনরুদ্ধার করেছেন স্থানীয় গ্রামবাসী।
শনিবার সকাল থেকেই রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো-দক্ষিণবাগ গোপালী বাড়ি এলাকার শত শত জনগণ একত্রিত হয়ে সড়কটি দখল করে এর উপর উপর নির্মিত বেক্সিমকো নামক কোম্পানির অবৈধ বাউন্ডারি দেয়াল ভেঙ্গে ফেলেন। এসময় আবাসন কোম্পানী সী- সেল গ্রুপের দখলে থাকা সড়কের জমিও এলাকাবাসীকে বুঝিয়ে দেন তারা।
স্থানীয়রা জানান, ১৯৬৫ সালে উপজেলার গুতিয়াবো এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মিত হয়। প্রায় ১৬ বছর আগে সরকারী অর্থায়নে রূপগঞ্জ ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের জনগণ ইউনিয়ন পরিষদে নানা সুবিধা অসুবিধার জন্য আসা যাওয়ার জন্য গুতিয়াবো ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিনবাগ গোপালীবাড়ী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার আধা পাকা সড়কটি নির্মিত হয়। এমনকি সড়কে নির্মাণ করা হয়েছিল পাশাপাশি দুইটি কালভার্ট। যা আজ বিলুপ্তির পথে।
এদিকে গত প্রায় ৬ বছর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ গোপালীবাড়ী বাড়ি এলাকায় সড়কের প্রবেশ মুখে বাউন্ডারী দেয়াল নির্মাণ করে সড়কে জনগণের চলাচলের পথ রোধ করে। আর সেই সুযোগে সী-সেল নামক আরেকটি আবাসন কোম্পানী সড়কের বাকি অংশ বালু দিয়ে ভরাট করে নিজেদের দখলে নিয়ে নেন।
এরপর দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও সড়কটি পুনরুদ্ধারের কোনো প্রতিকার মেলেনি। এমনকি হয়রানীর স্বীকার হতে হয়েছে অনেক এলাকাবাসী। এছাড়া সড়কটি সংস্কারের জন্য গত অর্থ বছরে সরকারীভাবে ৩৪ লাখ টাকা বরাদ্দ আসে। সেই বরাদ্দও এখন সরকারী কোষাগাঢ়ে ফিরে যাবার পথে।
কোন উপায় না দেখে বাধ্য হয়ে শনিবার শত শত এলাকাবাসী ভেকু, কোদাল, শাবল, হামার, হাতুরি, পাতি যার যা কিছু আছে সাথে নিয়ে একত্রিত হয়ে বেক্সিমকোর নির্মাণাধীন বাউন্ডারী দেয়ার ভেঙ্গে ফেলে। এসময় কোন উপায় না দেখে বাধ্য হয়ে সী সেল গ্রুপের দখলে থাকা রাস্তার জমি ছেড়ে দেয় সী সেল কর্তৃপক্ষ। রাস্তাটি পুনরুদ্ধার হওয়ার পর এলাকায় স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।






