ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। রবিবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৭ এপ্রিল মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে তার ঢাকার বাসা থেকে আটক করে ডিবি। এরপর ১০ এপ্রিল আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখার আদেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ডিবি সমালোচনার মুখে পড়ে।
সমালোচনার প্রেক্ষিতে ১১ এপ্রিল ডিএমপি ব্যাখ্যা দিয়ে জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন, ভুয়া তথ্য ছড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলা এবং দেশের অর্থনীতির ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে মেঘনাকে আটক করা হয়েছে। তাকে অপহরণ করা হয়নি এবং তার আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে পুলিশে যোগদানের পর সিআইডিসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তাকে ডিবিপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।






