সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অবস্থান থেকে হঠাৎ করেই নিভে গিয়েছিলেন আজমেরী হক বাঁধন। এক সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর, ‘জুলাই আন্দোলন’ থেকে শুরু করে নানা সামাজিক ইস্যুতে যিনি ছিলেন সক্রিয়, তিনি হঠাৎ করেই হয়ে উঠেছিলেন নীরব। বাংলা নববর্ষে সেই নীরবতা ভেঙেই নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
নববর্ষের সকালে ফেসবুকে এক আবেগঘন পোস্টে বাঁধন জানান, গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন ইচ্ছে করেই। লিখেছেন, ‘‘আমি কিছুদিনের জন্য ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে ছিলাম। এই বিরতি আমাকে শান্তি দিয়েছে।’’
‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, “আমি জানি আমি কে, এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে। আমার প্রতিটি সাফল্য নিজেই অর্জন করেছি। আমার ভুলগুলো মেনে নিয়েছি, এবং সেগুলো থেকেই শিখেছি।”
বাঁধন জানিয়েছেন, তিনি এখনও মায়ের বাড়িতেই থাকেন, চালান বাবার গাড়ি। বাইরের জীবন সহজ মনে হলেও ভেতরে চলেছে এক নিরব সংগ্রাম—একটা আত্মগঠনের লড়াই।
তিনি বলেন, “কোনো আফসোস নেই। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাকে গড়েছে, প্রতিটি ধাপ একেকটা গল্প। আমি আমাকে গুছিয়েছি নিজের মতো করে, এবং এই পথচলা এখনো চলছে।”
তার এই আত্মবিশ্লেষণমূলক পোস্টে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। অনেকেই বাঁধনের সাহসী কণ্ঠস্বর এবং স্বচ্ছ অবস্থানকে স্বাগত জানিয়েছেন।






