প্রখ্যাত গীতিকবি জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির বিয়ের গল্পটি একসময় বলিউডের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল। কারণ ১৯৮৪ সালে শাবানাকে বিয়ে করার সময় জাভেদ আখতার তখনো বৈবাহিক সম্পর্কে ছিলেন চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে, যাঁর সঙ্গে তাঁর ১৩ বছরের সংসার চলছিল। তাদের বিচ্ছেদ হয় ১৯৮৫ সালে, কিন্তু এর আগেই শাবানার সঙ্গে জাভেদের বিয়ে নতুন করে বিতর্ক উসকে দেয়।
অনেকেই মনে করেছিলেন, শাবানার কারণে হানি-জাভেদ দাম্পত্যে ফাটল ধরেছিল। অভিনেত্রীর ভক্তরাও তখন হতাশ হয়ে তাঁর সমালোচনায় মুখর হয়েছিলেন। শাবানা তখন চুপ ছিলেন। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা মন্তব্য করেছেন এ নিয়ে।
‘আমি নারীবাদী মডেল ছিলাম, অথচ আমাকে বলা হয়েছিল, আমি নিজের সুখের জন্য অন্য একজন নারীর অধিকার কেড়ে নিচ্ছি,’—বলেছেন শাবানা। তাঁর মতে, ভক্তদের আবেগ আহত হওয়া স্বাভাবিক, কারণ তাঁদের চোখে তিনি ছিলেন ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক নারী।
তিনি জানান, সে সময় পরিস্থিতির ব্যাখ্যা দেওয়া নয়, বরং নীরব থাকা-ই ছিল সঠিক সিদ্ধান্ত। ‘কারণ ব্যাখ্যা দিলে তা আমাদের তিনজনের জন্যই (আমি, জাভেদ, হানি) আরও যন্ত্রণাদায়ক হতো’, বলেছেন শাবানা।
শাবানা বলেন, আজ তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুস্থ সম্পর্ক গড়ে উঠেছে। ‘হানি, জাভেদ ও আমি— কেউ একে অপরকে দোষারোপ করিনি, কাদা ছোড়াছুড়ি করিনি। সেটাই আমাদের সম্পর্ক সহজ করেছে,’— এমন মন্তব্য করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী।
প্রসঙ্গত, জাভেদ আখতার ও হানি ইরানির সন্তানরা হলেন বিখ্যাত পরিচালক জোয়া আখতার এবং অভিনেতা ফারহান আখতার। শাবানা ও জাভেদের দাম্পত্যে কোনো সন্তান নেই।






