জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম ‘বাবুরাম সাপুড়ে’ গান দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি মঞ্চেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, আপাতত বিয়ে নিয়ে তার কোনো ভাবনা নেই।
এক পোস্টে মিলা লেখেন, ‘একটি ইন্টারভিউতে মজা করে দেওয়া উত্তরের অংশ বিভিন্ন মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে। বিষয়টি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।’
তিনি আরও লেখেন, ‘এখন আমার চিন্তার কেন্দ্রে রয়েছে ক্যারিয়ার। বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। যখন ইচ্ছা হবে এবং সিদ্ধান্ত নেব, তখন সবাইকে জানাব।’
মিলা অনুরোধ করে বলেন, ‘আমি এখন নতুন নতুন কাজ করছি, কনসার্টে ব্যস্ত সময় কাটাচ্ছি। তাই সবাইকে অনুরোধ করবো, আমার জন্য বিয়ের শুভকামনা নয়, বরং ক্যারিয়ার ও সাফল্যের জন্য দোয়া করবেন। সাংবাদিক বন্ধুদেরও অনুরোধ করছি, কোনো কথা না বলে এমন প্রসঙ্গ নিয়ে সংবাদ প্রকাশ না করার।’
পোস্টের শেষে মিলা মজা করে লিখেন, ‘যারা সোশ্যাল মিডিয়া বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আমার মনের মানুষ নিজেই খুঁজে নেব।’






