ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সারা জেরিনের মা বেবী রহমান (৫৫) আর নেই। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সারা জেরিন নিজেই।
সারা জানান, কয়েক মাস আগে বেবী রহমান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে গত দুই দিন ধরে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। এ অবস্থায় তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় সেবা-শুশ্রূষা চলছিল। হঠাৎ সোমবার সকালে মা বেবী রহমান পৃথিবীর মায়া ত্যাগ করেন।
সারা জেরিন বলেন, “কয়েক মাস ধরে মাকে বাসায় নিয়ে সেবা করছিলাম। কিন্তু আজ সকালে মা আমাদের এতিম করে চলে গেলেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।”
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার রাতেই খুলনার পারিবারিক কবরস্থানে বেবী রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জি হুজুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সারা জেরিনের। এরপর তিনি ‘রোমিও ২০১৩’ এবং ‘অন্যরকম ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি তিনি নিয়মিত টেলিভিশন নাটকেও কাজ করে যাচ্ছেন। বর্তমানে সারা জেরিন অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।






