বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, ইইউ বরং চায় একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হোক।
সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচনের সময় নির্ধারণ একান্তই বাংলাদেশের জনগণ ও সংবিধানের এখতিয়ার। আমরা নির্বাচন অনুষ্ঠানে কোনো সময়সীমা নির্ধারণ করে চাপ সৃষ্টি করছি না।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘নির্বাচনের তারিখ গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বেশি জরুরি একটি গ্রহণযোগ্য ও মানসম্মত নির্বাচন আয়োজন, যাতে সব পক্ষ অংশগ্রহণ করতে পারে।’
তিনি সাম্প্রতিক আলোচিত “জুলাই গণহত্যা” প্রসঙ্গেও মত দেন। মিলার বলেন, ‘এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। তবে সেই বিচারপ্রক্রিয়া হতে হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।’
অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারের প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, ‘বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো উদ্যোগে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত হওয়া জরুরি।’
বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তবে আমরা আশাবাদী, পরিস্থিতি উন্নতির পথে রয়েছে।’






