বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে এবং জাতিকে বিভাজনের চিহ্ন থেকে মুক্ত করতে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১০ মে) বিকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর (দ্বিতীয় খসড়া) ওপর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, “ফরহাদ ভাই (ফরহাদ মজহার) বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। বাস্তবতা হলো, এটি ১৯৭২ সালেই প্রতিষ্ঠা করা হলে ভালো হতো। কিন্তু এখনও দেরি হয়নি। আমরা এই কমিশন গঠন করবো—প্রফেশনাল ও ইনস্টিটিউশনাল পদ্ধতিতে।”
তিনি জানান, এ লক্ষ্যে তিনি এবং প্রধান বিচারপতি একটি প্রতিনিধিদল নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন, সেখানে সংশ্লিষ্ট অভিজ্ঞতা সরেজমিনে জানার জন্য। “আমরা এই কমিশন গঠন করলে ফরহাদ ভাইকেও সঙ্গে রাখবো,”—যোগ করেন তিনি।
আসিফ নজরুল বলেন, “জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করতে হলে গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচ্ছিন্নতা প্রমাণ করতেই হবে। তারা সংখ্যায় খুব বেশি না হলেও তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। এ জন্যই এই কমিশন দরকার।”
তিনি আরও বলেন, “আমরা চাই, সমাজ বুঝুক—এই অপরাধীরা জাতির মূলধারার অংশ নয়। তারা বিচ্ছিন্ন, ঘৃণ্য, এবং ইতিহাসের দায়ে অভিযুক্ত। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন সেই সত্য উন্মোচনের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে।”






