দেশের শিল্প খাতে গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে আজ রোববার। বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বর্তমানে চালু থাকা শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা করে বিল পরিশোধ করছেন। বিইআরসি জানিয়েছে, তাদের জন্য এই দর অপরিবর্তিত থাকছে। তবে নতুন সংযোগের ক্ষেত্রে দাম বাড়িয়ে ৪০ থেকে ৪৫ টাকা করার প্রস্তাব রয়েছে।
পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী, নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্য গ্যাসের দাম ৭৫.৭২ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ইতোমধ্যে অনুমোদিত (প্রতিশ্রুত) গ্রাহকদের জন্য প্রস্তাব করা হয়েছে, অর্ধেক গ্যাস বিদ্যমান দরে এবং বাকিটা ৭৫.৭২ টাকায় বিল করার পদ্ধতি।
এই প্রস্তাব নিয়ে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণশুনানিতে ব্যবসায়ী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা দাবি করেন, একই খাতে দুই রকম দাম রাখলে শিল্পখাতে অসম প্রতিযোগিতা তৈরি হবে। বিদ্যমান ও নতুন শিল্পের মধ্যে এই বৈষম্য ব্যবসার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন তারা।
পেট্রোবাংলা বলছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দেবে, যা প্রতিষ্ঠানটির আর্থিক ভারসাম্য রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়াবে।
আজকের ঘোষণার মাধ্যমে এই বিতর্কিত প্রস্তাবের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।






